নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচার এ বছরই শেষ করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, সব সভ্য দেশেই যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতা বিরোধী কার্মকাণ্ডে জড়িতদের এখনো খুঁজে বের করে বিচার করা হচ্ছে।
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা ১৪ দলের সমন্বয়ক ও শহর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য শফিউদ্দিন আহম্মেদ, জেলা গণফোরামের আহবায়ক মাহতাবউদ্দিন, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, জেলা গণসংহিতর আহবায়ক হানিফুল কবীর, জেলা জাসদ (ইনু) সভাপতি মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০০ ঘ.
bdnews24