নরসিংদী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদ আদালতে আত্মসমর্পণের পর তাকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
লোকমান হত্যা মালার তদন্ত কর্মকর্তা ও সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরাদ রোববার বেলা ১১টায় জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন।
এরপর তদন্ত কর্মকর্তা মুরাদকে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধাররীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।
ওই ঘটনায় লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর এপিএস মুরাদ ওই মামলার এজাহারভুক্ত নয় নম্বর আসামি। এক নম্বর আসামি হলেন মন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু।
লোকমান হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২৩৫ ঘ.
bdnews24