২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক

সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কর্মসূচির বিষয়ে কিছু জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরুর ১৪ ঘণ্টা আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়, তা চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। বৈঠকের সিদ্ধান্ত কী হয়েছে, তা জানায়নি বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু সাংবাদিকদের বলেছেন, “রোড মার্চ ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।” রোড মার্চ করে চট্টগ্রাম যাওয়ার পর সোমবার বন্দর নগরীর পলোগ্রাউন্ডে জনসভায় খালেদার নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে কী কর্মসূচি আসছে- সে নিয়ে বিএনপি নেতারা মুখ না খুললেও রাজশাহী অঞ্চলের রোড মার্চে খালেদা ঢাকা অবরোধের কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। রোববার সকাল ১০টায় ৬ হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের পথে রওনা হবেন খালেদা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজশাহী, সিলেট ও খুলনা অভিমুখে রোড মার্চের পর চট্টগ্রাম রোড মার্চ করছেন বিরোধীদলীয় নেতা। খালেদার সঙ্গে বৈঠকে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির বৈঠকের পর খালেদা জিয়া সমমনা দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২২৫ ঘ.