২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের মতোই আলাদা কর্মসূচি চট্টগ্রাম আওয়ামী লীগে

যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মসূচি আগের মতো আলাদাভাবেই পালন করেছে দলের দুটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মসূচি আগের মতো আলাদাভাবেই পালন করেছে দলের দুটি অংশ। শনিবার বিকালে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে লালদীঘি ময়দান থেকে ট্রাক মিছিল বের হয়। অন্যদিকে সিনেমা প্যালেস মোড় থেকে মিছিল বের করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের অনুসারীরা। মহিউদ্দিন নেতৃত্বাধীন ট্রাক মিছিলে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য আবুল কাসেম মাস্টার, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, জাসদ নেতা মাঈন উদ্দিন খান বাদল প্রমুখ। অন্য মিছিলে মন্ত্রী না থাকলেও ছিলেন না। নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের নেতৃত্বে বের হওয়া এই মিছিলে ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ। গত মেয়র নির্বাচনের পর থেকে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসারুল আমীন এবং সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি’র দূরত্ব চলছে। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার বৈঠকের পরও এর কোনো সুরাহা হয়নি। আওয়ামী লীগ নেতাদের পথ ধরে গত ৪ জানুয়ারি চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও আলাদাভাবে হয়। মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ট্রাকমিছিল শুরুর আগে লালদীঘি ময়দানে সমাবেশ হয়। এতে মহিউদ্দিন বলেন, “বিরোধী দল রোড মার্চের নামে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।” চট্টগ্রাম অভিমুখে রোববার শুরু হতে যাওয়া খালেদা জিয়ার রোড মার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা (বিরোধী দল)। যত বাধাই আসুক, যুদ্ধাপরাধের বিচার কোনোভাবেই ঠেকানো যাবে না।” বিএনপির রোড মার্চের প্রচারে সিটি কর্পোরেশনের সরঞ্জাম ব্যবহারেরও সমালোচনা করেন চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন। তিনি বলেন, “রাজনৈতিক কাজে সিটি কর্পোরেশনের সম্পদ ব্যবহার করে বর্তমান মেয়র যে অনৈতিক কাজ করেছেন, তার জন্য জনতার কাছে তাকে জবাবদিহি করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২০২৭ ঘ.