২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড মার্চে ছয় হাজার গাড়ি থাকবে: খোকা

রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, ঢাকা থেকে চার হাজার গাড়ি নিয়ে শুরু হওয়া এ রোড মার্চে অন্যান্য জেলা থেকে যুক্ত হবে আরও দুই হাজার গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চার হাজার গাড়ির বহর নিয়ে রোববার সকালে চট্টগ্রাম অভিমুখে খালেদা জিয়া রোড মার্চ শুরু করবেন। শুক্রবার সন্ধ্যায় রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও দলের সহ-সভাপতি সাদেক হোসেন খোকা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। রোড মার্চ শুরুর স্থান চূড়ান্ত হয়নি বলে এক প্রশ্নের জবাবে জানান খোকা। তিনি বলেন, “ঢাকায় যানজটের কথা বিবেচনা করে এই স্থানটি আমরা নির্ধারণ করব। নেত্রীর সঙ্গে আলোচনার পর শনিবার এটি গণমাধ্যমকে জানানো হবে।” খোকা বলেন, “চট্টগ্রাম অভিমুখে স্মরণকালের সর্ববৃহৎ রোড মার্চ হবে। পথে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ জেলা থেকে আরও দুই হাজার গাড়ি যুক্ত হবে বলে জেলা নেতারা জানিয়েছেন। আমরা আশা করছি চট্টগ্রামে গিয়ে সব মিলে বহরে গাড়ির সংখ্যা ছয় হাজারে দাঁড়াবে।” রোড মার্চে প্রথম দিন চান্দিনা ও কুমিল্লায় দুইটি পথসভার পর বিকালে ফেনীতে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। পর দিন তিনি চট্টগ্রাম শহরের পলোগ্রাউণ্ডে জনসভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন। চট্টগ্রামের রোড মার্চের মাধ্যমে দেশব্যাপী রোড মার্চ কর্মসূচি শেষ হবে বলে জানান সাদেক হোসেন। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতবছরের অক্টোবরে সিলেট ও রাজশাহী এবং নভেম্বরে খুলনা অভিমুখে রোড মার্চ করে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিংয়ে সাদেক হোসেন খোকা বলেন, রোড মার্চ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। এ ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। রোড মার্চ কর্মসূচি ব্যাহত করার মতো কোনো ‘ষড়যন্ত্র’ ক্ষমতাসীন দল ও সরকারের পক্ষ থেকে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। এ রকম ‘ষড়যন্ত্র’ হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন সাবেক ঢাকা সিটি মেয়র। সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৩ ঘ.