২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি চাইলে ফিরতে রাজি সাক্কু

কুমিল্লার নতুন মেয়র বললেন, দলকে ‘বাঁচাতেই’ অব্যাহতি নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কুমিল্লা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চাইলে দলে ফিরবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। শুক্রবার কুমিল্লায় নিজ বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন। ইভিএমে আপত্তি জানিয়ে বিএনপির কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা সত্ত্বেও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেন মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার ভোটে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজল খান থেকে ২৯১০৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। দলে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে সাক্কু বলেন, “উনারা (বিএনপি) যদি মনে করেন পার্টিতে গেলে ভালো হবে, তাহলে অবশ্যই যাবো। আমি ২০ বছর ধরে দল করেছি। আমি, আমার বাবা, আমার পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতি আমাদের নেশা-পেশা।” দলকে ‘বাঁচাতেই’ নিজে অব্যাহতি নিয়েছেন বলেও জানান তিনি। সাক্কু বলেন, “দলের একটা স্ট্যান্ড ছিলো। আমি দলকে বাঁচানোর জন্য অব্যাহতি দিয়েছি। দল ইভিএমের বিরোধী, সেনা মোতায়েনের পক্ষে। দলের মঙ্গলের স্বার্থেই দলের বাইরে গিয়েছি। সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছি।” দল থেকে অব্যাহতি নিলেও কুমিল্লা বিএনপির একটি অংশ নাগরিক কমিটির ব্যানারে এই প্রার্থীর পক্ষে কাজ করেন। নবগঠিত এ সিটি কর্পোরেশনের উন্নয়নে পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান কুমিল্লার প্রথম নগরপিতা। তিনি বলেন, “সবাইকে নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেব। জনগণের উন্নয়নে সবাইকে নিয়ে প্রতি মাসেই বসবো।” জয়ী হওয়ায় কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত এই মেয়র বলেন, “জনগণ আমাকে মনভরে ভোট দিয়ে ঋণী করেছেন। মুত্যুর আগ পর্যন্ত আমি এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব।” বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে কথা হয়েছে কিনা- জানতে চাওয়া হলে সাক্কু বলেন, “ম্যাডাম রোড মার্চের ব্যাপারে এখন খুবই ব্যস্ত আছেন। তবে হান্নান শাহ্, আমান উল্লাহ আমানসহ দলের অনেক নেতার সঙ্গে কথা হয়েছে।” তবে বিএনপির চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে ‘নিজ থেকে আগ্রহী হয়ে’ অংশ নিতে অনীহা প্রকাশ করেন তিনি। আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ কর্মসূচি রয়েছে, যা কুমিল্লা হয়ে যাবে। রোডমার্চে অংশ নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মনিরুল হক সাক্কু বলেন, “এখনো সিদ্ধান্ত নেইনি। আমাকে দায়িত্ব না দিলে আমি যাবো না। যেতে হবে এমন কথা নেই। আরো তো লোক আছে। যদি যাই, সিনক্রিয়েট হয়, তাহলে ভালো মনে করি না। আমি চাই দল এগিয়ে যাক। দল প্রয়োজন মনে করলে যাবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআই/এএল/১৮৫৫ ঘ.