২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের শোভাযাত্রায় না যাওয়ায় বিতাড়িত

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় না যাওয়ায় বরিশাল বিএম কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বরিশাল, জানুয়ারী ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় না যাওয়ায় বরিশাল বিএম কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে। নাসরিন আক্তার সোমা নামের ওই ছাত্রীটির অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তাকে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস থেকে বের করে দেন ছাত্রলীগকর্মী সোনিয়া। রাতে ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক নজরুল ইসলাম সোমাকে আবার তার কক্ষে তুলে দেন। সোমা সাংবাদিকদের জানান, সোনিয়া তাকে ছাত্রীনিবাস ছেড়ে যেতে বলেছে। এ কথা কাউকে জানানো হলে তাকে কলেজ থেকে বিতাড়িত করারও হুমকি দেন সোনিয়া। রাত সাড়ে ৮টায় ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমা নামে এক আবাসিক ছাত্রী অভিযোগ করেছে- ছাত্রলীগ নেত্রী পরিচয় দিয়ে সোনিয়া নামে এক ছাত্রী তাকে ছাত্রীনিবাস থেকে বের করে দিয়েছে।” “তবে, এইমাত্র তাকে রুমে তুলে দিয়ে এসেছি। আর সবাইকে বলেছি কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে যেন আমাকে জানানো হয়,” বলেন তিনি। প্রত্যক্ষদর্শী আবাসিক ছাত্রীরা জানান, ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার জেলা ও মহানগর ছাত্রলীগের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য ওই ছাত্রীনিবাসের ছাত্রীদের জোর করে নিয়ে যাওয়া হয়। হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (পুরাতন) ছাত্রী ও ছাত্রীনিবাসের ২০৯ নম্বর কক্ষের বাসিন্দা নাসরিন আক্তার সোমা ওই শোভাযাত্রায় যাননি। এ কারণে সোনিয়া আক্তার দুপুরে সোমাকে ছাত্রীনিবাস ত্যাগ করতে বলেন এবং নিজে আয়া ডেকে সোমার মালামাল কক্ষের বাইরে এনে রেখে দেন। সোনিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভ সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনিয়া ছাত্রলীগকর্মী, নেত্রী নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৭ ঘ.