২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোট শেষ, ফলের অপেক্ষা

এ নির্বাচনে দেশে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করায় দ্রুততম সময়ে ফল ঘোষণা সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

মঈনুল হক চৌধুরী ও শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো নগরপিতা নির্বাচনে উৎসবের আমেজে ভোট হয়েছে কুমিল্লায়। দেশে প্রথমবারের মতো সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করায় অল্প সময়ে মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় শুরুর পর বিকেল ৪টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি। ভোট গ্রহণের ইলেকট্রনিক পদ্ধতি-ইভিএমে যান্ত্রিক ত্র“টিরও কোনো খবর পাওয়া যায়নি। কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি মেয়র পদের প্রধান দুই প্রার্থীও সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। নির্বাচন কমিশনের ধারণা, এ নির্বাচনে ভোট পড়েছে ৭০ থেকে ৮০ শতাংশ। এ নির্বাচনে ব্যালট পেপারে সিল দেওয়ার কোনো বিষয় ছিল না। কাজেই ফল গণনাতেও সময় লাগার কারণ নেই। ভোট শেষের সময় থেকে ঘণ্টা খানেকের মধ্যে চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ করা যাবে বলে আশা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইভিএমে ভোট হওয়ায় দ্রুত ফল পাওয়া যাবে। টাউন হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকাল ৫টা থেকে ফল ঘোষণা শুরু সম্ভব হবে। এরপর যত দ্রুত সম্ভব চূড়ান্ত ফল দেওয়া হবে।” শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় এলাকাবাসীসহ নির্বাচন সংশি¬ষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসির এ উপ সচিব। তিনি জানান, এক ব্যক্তিকে জালভোটের জন্য ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক এলাকায় দুই কাউন্সিলরের সমর্থকের মধ্যে বিবাদের ঘটনা ঘটেছে। তবে বড় কোনো গোলোযোগ ঘটেনি। “কুমিল্লায় কেমন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে তা শহরবাসী বিচার করবে। জনগণও তা দেখেছে। ইভিএমের ব্যবহার শতভাগ সফল হয়েছে।” এ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার কুমিল্লায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। ১ লাখ ৬৯ হাজার ২৭৩ ভোটারের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ তাদের ভোট দিয়েছেন বলে ধারণা করছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট হয়েছে। ভোটাররাও নির্বিঘেœ কেন্দ্রে গিয়েছেন।” ফল ঘোষণার জন্য কুমিল্লার টাউন হল নগর মিলনায়তন প্রস্তুত করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, নতুন প্রযুক্তি ইভিএম ব্যবহারের কারণে কয়েকটি ভোট কক্ষে ভোট শুরুতে ৫ থেকে ১০ মিনিট দেরি হলেও অধিকাংশ কেন্দ্রেই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে যায়। প্রথম ঘণ্টায় ভোটগ্রহণের হার কিছু কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কুমিল্লা নির্বাচনে লক্ষ্যণীয় বিষয় ছিল নারী ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট এ সিটি কর্পোরেশনের ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। সারা দিন কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতিও বেশি দেখা গেছে। ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারা। এ নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের পর্যবেক্ষক শাহীদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে ইভিএম নিয়ে সামান্য জড়তা থাকলেও পরে তা কেটে যায়। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক নারী ভোটার উৎসবের মেজাজে ভোট দিয়েছেন।” “এবার নারীরাই তফাৎ গড়ে দেবে”, যোগ করেন তিনি। মেয়র ও কাউন্সিলর মিলিয়ে এ নির্বাচনে প্রার্থীর তিন শতাধিক হলেও আলোচনার কেন্দ্রে রয়েছে মেয়র পদটিই। এ পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা মনিরুল হক সাক্কুর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ দুই প্রার্থী সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। ফল যেমনই হোক, তা মেনে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান আনারস, নাগরিক কমিটির ব্যানারে মনিরুল হক সাক্কু হাঁস, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম টেলিভিশন, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম চশমা, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু জাহাজ, জেএসডির শিরিন আক্তার তালা, চঞ্চল কুমার ঘোষ ঘোড়া, মো. সালমান সাঈদ দোয়াত-কলম এবং মামুনুর রশিদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়েছেন। এর মধ্যে মামুন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নিয়ম অনুযায়ী ভোটিং মেশিনে তার নাম ছিল। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বাতেন জানান, ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোট কেন্দ্রে ৪২১টি ভোট কক্ষে ভোট হয়েছে কুমিল্লায়। আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করা হয় কুমিল্লায়। এর মধ্যে এক হাজার র‌্যাব সদস্যও ছিলেন। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা হয়। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৬৫টি কেন্দ্রে ১৩০ জন টেকনিক্যাল এক্সপার্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের সঙ্গে ছিলেন নয় জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেকে/১৬০৮ ঘ.