চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামে রোড মার্চ পরবর্তী সমাবেশে খালেদা জিয়া মহাজোট সরকারের ‘অত্যাচার থেকে’ দেশবাসীকে রক্ষার চূড়ান্ত নির্দেশনা দেবেন।
বুধবার দুপুরে নগরীর সরাইপাড়া এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে নোমান বলেন, “মহাজোট সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।”
“৯ জানুয়ারি পলোগ্রাউণ্ডে মহাসমাবেশ থেকে দেশনেত্রী খালেদা জিয়া মহাজোট সরকারের মহাঅত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার চূড়ান্ত দিক নির্দেশনামূলক কর্মসূচি ঘোষণা করবেন।”
কর্মী সমাবেশের আগে নগরীর পাহাড়তলি বাজারে রোড মার্চ ও সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন নোমান।
সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক কাউন্সিলর শামসুল আলম, মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৩০ ঘ.
bdnews24