২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কে ফেরার পরামর্শ জনতা লীগ-বাসদের

কাদের সিদ্দিকী বর্জন করলেও কৃষক-শ্রমিক জনতা লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তনের সুপারিশ করেছে। একই কথা বলেছে বাসদও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তনের সুপারিশ করেছে কৃষক-শ্রমিক জনতা লীগ। তবে এই সংলাপ বর্জন করেছেন দলটির সভাপতি কাদের সিদ্দিকী। কৃষক-শ্রমিক জনতা লীগ নির্বাচন কমিশন গঠনে একটি সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। বুধবার কৃষক-শ্রমিক জনতা লীগের পাশাপাশি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদও দুই ক্ষেত্রেই একই মত তুলে ধরেছে। বঙ্গভবনে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে বসে কৃষক-শ্রমিক জনতা লীগের ১১ সদস্যের প্রতিনিধি দল। তাদের পর বাসদের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দলে কাদের সিদ্দিকীর না থাকার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার সাংবাদিকদের বলেন, “টাঙ্গাইলের সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান গত ১৬ নভেম্বর এক জনসভায় কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলেছেন। এর প্রতিবাদে তিনি আজ আসেননি।” মুক্তিযুদ্ধের সাহসী ভূমিকার জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত কাদের সিদ্দিকী এক সময় আওয়ামী লীগ করলেও দেড় দশক আগে নতুন দল গঠন করেন। টাঙ্গাইলের সাবেক এই সংসদ সদস্য তার বক্তব্য নিয়ে মাঝে-মধ্যেই বিতর্ক ওঠে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা শওকত দলের এক সময়ের নেতা কাদের সিদ্দিকীকে কটাক্ষ করে মন্তব্য করেন। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। হাবিবুর রহমান বীর প্রতীক জানান, কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলার ঘটনায় রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছেন। সংলাপের বিষয়ে কৃষক-শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনবর্হাল করার ওপর জোর দিয়েছি।” সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ হলেও বিএনপিসহ তার মিত্র রাজনৈতিক দলগুলো অন্তর্র্বতীকালীন এই সরকার পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিদায় ঘনিয়ে আসায় নতুন নির্বাচন কমিশন গঠনের প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বলে হাবিবুর জানান। বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া সাংবাদিকদের বলেন, “ইসি গঠনে সার্চ কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকার পুনবর্হালের দাবি জানিয়েছি আমরা।” একজন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সাত বিভাগে সাত জন নির্বাচন কমিশনার নিয়ে আট সদস্যের ইসি গঠনের সুপারিশ করেছে বাসদ। বর্তমান সংবিধানে সর্বোচ্চ পাঁচ সদস্যের ইসি গঠনের কথা রয়েছে। বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি বিএনপি এবং ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৩৬ ঘ.