ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিএনপির চট্টগ্রাম রোডমার্চ ব্যাহত করতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ এনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি শেষ করতে সরকারের সহযোগিতা চেয়েছে দলটি।
মঙ্গলবার দুপুরে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইতোমধ্যে আমাদের তিনটি রোডমার্চ সফল হয়েছে। আশা করছি, আগামী ৮ ও ৯ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ হবে এ যাবতকালের সর্ববৃহৎ কর্মসূচি। এ রোড মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আমরা সরকারের সহযোগিতা চাই।”
রোডমার্চ সামনে রেখে চট্টগ্রাম শহরে বসানো কয়েকটি তোরণ পুড়িয়ে দেওয়া এবং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “রোডমার্চ ব্যাহত করতে ক্ষমতাসীনরা এখন থেকেই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।”
একই দাবিতে গত অক্টোবরে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ এবং নভেম্বর খুলনা অভিমুখে রোডমার্চ করেন খালেদা জিয়া।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন বিএনপি চেয়ারপার্সন। পথে চান্দিনা ও কুমিল্লায় পথসভা এবং ফেনীতে জনসভা করবেন। পরদিন দুপুরে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তৃতা করবেন খালেদা জিয়া।
ফখরুল বলেন, “সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্র“তিই তিন বছরে পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য কমানো আওয়ামী লীগের প্রথম অগ্রাধিকার ছিল। কিন্তু তিন বছরে দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠেছে। জাতীয় অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়েছে।’’
ভাড়াভত্তিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি চাপা দিতে সরকার দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকারের ভেতর সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, “উচ্চ আদালতে জামিনের আদেশ থাকার পরও নিম্ন আদালত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এ থেকে বোঝা যায়, সরকারের ভেতরে কোনো সমন্বয় নেই। বিচার বিভাগ নির্বাহী বিভাগের দ্বারা প্রভাবিত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। ওইদিন ভোরে দলের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, নয়া পল্টনে সকাল ৯টায় ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ এবং বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে দলে যৌথ সভায় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবউন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মৎস্যজীবী দল সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, ছাত্র দল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৫২০ ঘ.
bdnews24