২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পতন: খালেদা

খালেদা জিয়া বলেছেন, জ্বালাও-পোড়াও নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, জ্বালাও-পোড়াও নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে বর্তমান সরকারের পতন ঘটানো হবে। সোমবার রাতে আইনজীবীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “১/১১ পর থেকে দেশ অনেক পিছিয়ে গেছে। জনগণ এখন পরিবর্তন চায়। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই। “আওয়ামী লীগের মতো লগি-বৈঠা, জ্বালাও-পোড়াও আন্দোলন নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।” এ সময় জাতীয় সংসদকে ‘অকার্যকর’ করার জন্য সরকারি দলকে দায়ী করেন তিনি। রাতে খালেদার গুলশান কার্যালয়ে নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবদুল বাছেদ ভূঁইয়ার নেতৃত্বে কর্মকর্তারা দেখা করতে এলে এ কথা বলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গত ২৪ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা ১১ আসনের মধ্যে ৭ আসনে বিজয়ী হয়। সভাপতি ছাড়া নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সম্পাদক মো. শহীদুল্লাহ শিকদার, সহসম্পাদক কানিজ ফাতেমা, কোষাধ্যক্ষ মীর সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন সরকার, মহিউদ্দিন আহমেদ ও পারভিন বেগম। দেশে আইনের শাসন নেই দাবি করে খালেদা বলেন, “দ্বৈত আইনে দেশ চলছে। সরকারি দলের জন্য একরকম। বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য ভিন্নরকম আইন।” সংসদ ‘সচল’ নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদীয় গণতন্ত্র ভালো নেই। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। দেশের সমস্যা নিয়ে আমাদের অনেক মূলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি। এরকম অবস্থা হলে সংসদ কার্যকর হবে কীভাবে।” “বিরোধী দলকে কথা বলতে দিলে সরকারই লাভবান হতো। আমরা তাদের ভুল ধরিয়ে দিতে চাই। কিন্তু সরকারি দল তা চায় না,” যোগ করেন বিরোধীদলীয় নেতা। তরুণ প্রজন্মকে তৈরি করে তাদের হাতেই আগামীতে দেশের দায়িত্বভার তুলে দেওয়ার ব্যবস্থা বিএনপি নেবে বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪৪ ঘ.