চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাল্টাপাল্টি ইউনিট সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের নেতারা।
সোমবার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা ৭ জানুয়ারি ইউনিট সম্মেলনের ঘোষণা দেয়।
এর আগে গত শনিবার ‘বর্ধিত সভা’ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও নগর কমিটির যুগ্ম সম্পাদক আফসারুল আমীনের অনুসারীরা আলাদাভাবে একই দিন ইউনিট সম্মেলনের ঘোষণা দেয়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা আলাদা সভা করে ইউনিট সম্মেলনের ঘোষণা দিয়েছেন তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দুয়েক দিনের মধ্যেই বিষয়টি লিখিত আকারে কেন্দ্রকে জানানো হবে।
দানু নগর আওয়ামী লীগে মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
আফসারুল আমীনের অনুসারী নগর কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। ইউনিট সম্মেলন করার এখতিয়ার প্রতিটি ওয়ার্ডের বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদকের।
গত ডিসেম্বরে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ৩১ ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন, ১০ জানুয়ারির মধ্যে ইউনিট সম্মেলন, ৩১ জানুয়ারির মধ্যে ৪৩টি ওয়ার্ডে সম্মেলন, ৩০ এপ্রিলের মধ্যে থানা সম্মেলন শেষ করা এবং ৩১ জুলাইয়ের মধ্যে মহানগরীর সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়।
গত ২ ডিসেম্বর নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিরোধ নিরসনে এবং একযোগে ওয়ার্ড ও ইউনিট সম্মেলন করতে আফসারুল আমীনের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেন মহিউদ্দিন অনুসারীরা।
তবে গত এক মাসেও এ বিষয়ে আফসারুল আমীনের পক্ষের অনুসারীদের কারো সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানান ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
তিনি বলেন, কেউ যোগাযোগ করেনি। এমনকি আজকের (সোমবার) বর্ধিত সভার বিষয়েও কাউকে জানানো হয়নি।
এ বিষয়ে কাজী ইনামুল হক দানু বলেন, “টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা আমাদের নম্বর দেখলে কল রিসিভ করেন না। বর্ধিত সভার বিষয়টি পত্রিকার মাধ্যমে আগেই প্রচার করা হয়েছে।”
সোমবারের বর্ধিত সভার সিদ্ধান্ত জানিয়ে নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ জানুয়ারি ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট ৪৩ টি ইউনিটের সম্মেলন করা হবে।
এর আগে ৬ জানুয়ারি লালদীঘিতে জমায়েত ও সেখান থেকে গণমিছিল শহর প্রদক্ষিণ করবে।
এছাড়া ৪ জানুয়ারি প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের স্মরণসভা ও ১১ জানুয়ারি প্রয়াত নেতা এমএ আজিজের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয় বর্ধিত সভায়।
সোমবারের সভায় নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন না। ঢাকায় থাকায় তিনি সভায় যোগ দিতে পারেননি বলে জানান দানু।
নগর কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার ও যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে মোট ১২৯টি ইউনিট রয়েছে বলে দলের নেতারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২৭ ঘ.
bdnews24