ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
রোববার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া। এজন্য আগামী জাতীয় নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেব।”
জাতীয় পার্টির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানীর রাজউক মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “আপনারা আমার প্রতি আস্থা রাখেন। কখন কী করতে হবে আমি তার নির্দেশনা দেব। সে নির্দেশের মাধ্যমেই জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি।
মহাজোট সরকারের তিন বছরে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, “গুপ্তহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছিনতাই কেউ দেখতে চায় না। সবাই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়।”
আগামী ১৭ জানুয়ারি তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লং মার্চ সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর নানা ঘটনা প্রবাহে পরের বছরের ২৪ মার্চ সাত্তারকে সরিয়ে রাষ্ট্রপতি হন ওই সময়ের সেনাপ্রধান এরশাদ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তিনি জাতীয় পার্টি গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১৫২ ঘ.
bdnews24