চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঢাকা-চট্টগ্রাম রোড মার্চকে সামনে রেখে নগর বিএনপির রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন সিটি মেয়র এম মনজুর আলম।
এ লক্ষ্যে সা¤প্রতিক সময়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত হচ্ছেন। রোড মার্চ সফল করতে গঠিত আয়োজক কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে।
সর্বশেষ রোববার বিকালে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশের জন্য বরাদ্দ পাওয়া পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে যান তিনি। এর আগের দিন রাতে পাহাড়তলী থানা বিএনপি’র প্রস্তুতি সভায়ও অংশ নেন তিনি।
এছাড়া রোড মার্চ সফল করতে বিএনপিপন্থী ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে সভাও করেন।
আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে বিএনপি। পরদিন চট্টগ্রামে ওই পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
রোড মার্চকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না- জানতে চাইলে মনজুর আলম রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সক্রিয়-নিষ্ক্রিয় বিষয় নয়। আমি তো জনগণের চাকরি করি। জনগণের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় কোথাও যেতে পারি না।”
তিনি বলেন, নগর কমিটির সভাপতি জানিয়েছেন তাকে আপ্যায়ন উপ-কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
“দায়িত্ব যেহেতু পেয়েছি চেষ্টা করব তা সফলভাবে পালন করার।”
এর আগে গত মাসে নগরীর এক সেমিনারে সিটি মেয়র মনজুর বলেছিলেন, “নগরবাসীর উন্নয়নের স্বার্থে গত দেড় বছরে আমি কোন ধরণের রাজনৈতিক বক্তব্য দিইনি।”
গত বছরের অগাস্টে সিটি কর্পোরেশনের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করেন মেয়র মনজুর আলম।
ওই দিন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি দুই নৌকায় পা দিয়ে চলছেন।”
মনজুর রোববার বিকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রোডমার্চের সমাবেশস্থল পরিদর্শনের বিষয়টি স্বীকার করে বলেন, “দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিকালে পলোগ্রাউন্ড মাঠে গিয়েছিলাম। কীভাবে আয়োজন করা হবে তা নিয়ে আলোচনাও হয়েছে।”
রোডমার্চ সফল করতে গঠিত উপ-কমিটিগুলোর মধ্যে আপ্যায়নের দায়িত্ব মনজুর আলমকে দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আমীর খসরু।
২০১০ সালের জুন মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগর আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন মনজুর আলম।
এর আগে নগরীর ১০ নম্বর ওয়ার্ড থেকে তিন বার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়া মনজুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঢাকায় বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মনজুর। এরপর বিএনপির সমর্থনেই মেয়র নির্বাচনে অংশ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৪০ ঘ.
bdnews24