২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর জামিন নাকচ, আত্মসমর্পণের নির্দেশ

রাষ্ট্রদ্রোহের মামলায় মুফতি ফজলুল হক আমিনীর জামিন আবেদন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলায় রাষ্ট্রদ্রোহের মামলায় মুফতি ফজলুল হক আমিনীর জামিন আবেদন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি খোন্দকার মূসা খালেদের একক বেঞ্চ এই আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আদালত আমিনীকে অবিলম্বে নি¤œ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। গত ১৩ জুলাই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় গেলে সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার ঘোষণা দেন। পরদিন বিএনপির মিত্র দল ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এ ব্যাপারে গত ১১ অগাস্ট লালবাগ থানায় আমিনীর বিরুদ্ধে এই মামলা নথিভুক্ত করা হয়। পরে আমিনীর আবেদনে গত ২৫ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। পরে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি জামিন আবেদন শুনানির জন্য খোন্দকার মূসা খালেদের এই একক বেঞ্চকে দায়িত্ব দেন। সোমবার আমিনী আইনজীবী খন্দকার মাহবুব হোসেনর পক্ষ থেকে আদালতে সময়ের আবেদন করা হলে এম কে রহমান এর বিরোধিতা করেন। তিনি বলেন, আগাম জামিনের আবেদনে জামিন প্রার্থীকে আদালতে হাজির থাকতে হয়। কিন্তু আমিনী উপস্থিত হননি। এ বিষয়ে শুনানি শেষে আদালত সময় প্রার্থনা এবং জামিন আবেদন দুটোই খারিজ করে দেয়। এম কে রহমান বলেন, "২৫ অগাস্টের আদেশে দুই বিচারপতিই আমিনীকে আত্মসমর্পণ করতে বলেছিলেন। তবে কত দিনের মধ্যে এটা করতে হবে, তা নিয়ে বিতর্ক ছিল। আদালত আজ তাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৩৮ ঘ.