ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে জামায়াতে ইসলামীর কর্মসূচিতে সহিংসতা এবং গাড়ি পোড়ানোর ঘটনা পরিকল্পিত ছিলো বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
বুধবার এক সম্মেলনে তিনি বলেন, "পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়টি পরিকল্পিত ছিলো, স্বতস্ফূর্ত নয়।"
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড পিস মিশন এই সম্মেলনের আয়োজন করে।
সোমবার জামায়াত নেতা-কর্মীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় তারা পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন দেয় এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে।
রাশেদ খান মেনন বলেন, "ঘরে শান্তি না থাকলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। গত কয়দিনের ঘটনাবলী আমাদের মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধাপরাধী অপশক্তি পরিকল্পিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস করার চেষ্টা করছে। আর আমাদের বিরোধী দল এই চিহ্নিত যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে।"
নিজেকে রাজপথের মানুষ এবং আন্দোলনের কর্মী উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টির সভাপতি মেনন বলেন, "রাজপথের আন্দোলন ছাড়া রাজনীতি হয় না। এটি যেমন সত্য, তেমনি যে আন্দোলনের সঙ্গে জনকল্যাণ এবং জনাধিকারের কোনো সম্পৃক্ততা নেই, তা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা ছাড়া কিছু নয়।"
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা 'সন্তোষজনক নয়' বলেও উল্লেখ করেন এই বাম নেতা। শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তি রক্ষা মিশন না চালিয়ে বিশ্বব্যাপী দারিদ্র্য, ক্ষুধা এবং অসাম্য দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সানজিদা খানম, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ড. দিলীপ কুমার রায়, অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং বিশ্ব শান্তি মিশনের সাধারণ সম্পাদক নপুর কুমার ব্রহ্ম সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৭২৮ ঘ.
bdnews24