চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আরো ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত সোমবার বিকালে নগরীর মুরাদপুরে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীদের হামলার ঘটনায় তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর পাহাড়তলী, বাকলিয়া, পাঁচলাইশ, ডবলমুরিং, হালিশহর ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সব থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সোমবারের ঘটনার সত্যতা মিললেই তাদের গ্রেপ্তার দেখানো হবে।
সোমবার বিকেলে জামায়াত নেতা-কর্মীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় তারা পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন দেয় এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষ হয় চট্টগ্রামেও।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালিশহর ও ডবলমুরিং থানার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে জামায়াতে ইসলামী রমনা আবাসিক এলাকা কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির নেতা কেফায়েত উল্লাহও রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম সরকারি কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালিয়ে আট শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
সোমবারের ঘটনার ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হবে। চট্টগ্রাম কলেজের আবাসিক হল দুটিই ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত।
পাঁচলাইশ থানা থেকে চার জন, বাকলিয়া এলাকা থেকে এক জনকে আটক করা হয়েছে।
এছাড়া পাহাড়তলী থেকে সোমবারের ঘটনায় জড়িত সন্দেহে দুই জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৪৮ ঘ.
bdnews24