চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) সিবিএ নির্বাচন স্থগিত হওয়ায় নগর ভবনের সামনে আওয়ামী লীগ ও বিনপিপন্থী শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
বুধবার সকালে দুপক্ষের মধ্যে তিন দফা হাতাহাতির ঘটনায় দুপুর ১টা পর্যন্ত সিসিসি'র স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তবে পুলিশের হস্তক্ষেপে বড় কোনো সংঘর্ষ হয়নি।
১৮ বছর পর আগামী বৃহস্পতিবার সিসিসি'র সিবিএ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা নিয়ে বিএনপিপন্থী এক শ্রমিক নেতার মামলার কারণে তা স্থগিত হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আতিকুর রহমান মঙ্গলবার শ্রম আদালতে ওই মামলা করেন। রাতে নির্বাচন স্থগিত করে আদালত।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ বুধবার সকালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় বিএনপিপন্থী সংগঠনের কর্মীরা পাশাপাশি অবস্থান নেয়।
শ্রমিক লীগের নেতা-কর্মীরা কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীদের কাজে যোগাদনে বাধা দিলে বিএনপিপন্থীদের সঙ্গে তাদের কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
মামলায় বলা হয়, ভোটার তালিকায় ৩২ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া অবসরপ্রাপ্ত, মৃত ও ভুল ক্রমিক নম্বরযুক্ত ভোটারও তালিকায় রয়েছে।
তফসিল অনুসারে সিবিএ নির্বাচনের মোট ভোটার ১৩৩৯ জন।
সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর ই ইলাহী সাংবাদিকদের বলেন, "গত ১৮ এপ্রিল ভোটার তালিকা চূড়ান্ত করার পর দেড় মাস সময় দেওয়া হয়। এর মধ্যে কেউ আপত্তি থাকলে জানাতে পারতেন।
"বরং তিনটি শ্রমিক সংগঠনের নেতারাই শ্রম পরিচালকের দপ্তরে গিয়ে এ তালিকায় তাদের সম্মতির বিষয়টি জানিয়েছেন।"
তিন শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর মেয়রের উপস্থিতিতে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী সাংবাদিকদের বলেন, "এ ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি করা হবে। কমিটি ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে।"
জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিক লীগের সমর্থকরা কর্মচারীদের কাজে যোগ দেওয়ায় বাধা দিচ্ছিলো। এর প্রতিবাদ করায় তারা আমাদের দিকে তেড়ে আসে।"
তবে আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা দোস্ত মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ শ্রমিকরা স্বপ্রণোদিত হয়ে কাজে যোগ দেয়নি। দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচন স্থগিতে শ্রমিকরা উত্তেজিত হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটতে পারে।"
সিটি মেয়র মনজুর আলম বলেন, "আমরা চাই সিবিএ নির্বাচন হোক এবং এমনভাবে হোক যাতে ভাবিষ্যতে তা কোনো প্রশ্নের জন্ম না দেয়।"
সমঝোতায় পৌঁছাতে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে সিসিসির কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানান তিনি।
১৯৯৪ সালে সর্বশেষ সিসিসি'র সিবিএ নির্বাচন হয়। ২০০২ সালের ৩ নভেম্বর সিবিএ নির্বাচনের দিন নির্ধারিত হলেও সিসিসি'র অস্থায়ী শ্রমিক- কর্মচারীদের মামলার কারণে নির্বাচনের আগের দিন তা স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/পিডি/১৮৪১ ঘ.
bdnews24