ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংবিধান সংশোধনীর প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা নাজমুল হুদা বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে আজ ছিনতাই করে ইতিহাসকে পাল্টানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, "সরকার বদলের সঙ্গে এভাবে ইতিহাস পরিবর্তনের অবসান হতে হবে। ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে জাতিকে বিভ্রান্ত করা ঠিক হবে না।"
গত জুনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত ষষ্ঠ তফসিলে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এর আগে সর্বোচ্চ আদালতও বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়।
এদিকে বিএনপি দাবি করে থাকে, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।
বিভক্তির রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করছে উল্লেখ করে নাজমুল হুদা বলেন, "যার যতটুকু অবদান তা অবশ্যই দিতে হবে।"
"একাত্তরের মার্চে রাজনৈতিক কণ্ঠের অভাবেই জিয়া সাহস করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।"
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী জিয়া ফ্রন্টের উদ্যোগে 'জনতার জিয়া' শিরোনামে মঙ্গলবারের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্পর্কেও কথা বলেন সাবেক যোগাযোগমন্ত্রী।
তিনি বলেন, "অস্বীকার করার উপায় নেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছে।"
বহিষ্কারের পর দলের আবার অন্তুভুর্ক্ত হওয়া পর নিষ্ক্রিয় কেন জানতে চাইলে নাজমুল হুদা বলেন, "আমি দলে আছি। কোনঠাসা নয়। তবে বহিষ্কৃত হওয়ার পর আবার আবিষ্কার হয়েছি। আস্তে আস্তে এগুচ্ছি।"
পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে দেশে একদলীয় শাসন চলছে বলেও মন্তব্য করেন তিনি।
গতবছর দল থেকে দ্বিতীয় দফায় বহিষ্কৃত নাজমুল হুদাকে চলতি বছর ফিরিয়ে নেয় বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩৪
bdnews24