২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড়ে আ. লীগের অবরোধ

স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে খাগড়াছড়ির রামগড়ে। এতে ঢাকা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে খাগড়াছড়ির রামগড়ে। এতে ঢাকা-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহম্মদ করিম এমদাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে সড়কে অবস্থান নিয়ে আছে সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা। সোনাপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসও ভাংচুর করেছে তারা। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খাগড়াছড়িগামী সব যানবাহন রামগড় এলাকার আশেপাশে আটকা পড়েছে। সমস্যা সমাধানের জন্য জরুরি প্রশাসনিক সভা ডাকা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আল মাসুদ মাহফুজুল ইসলাম। তিনি জানান, "সমস্যা সমাধানে প্রশাসনিক সভা চলছে। খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতারাও সভায় যোগ দিয়েছেন।" রামগড় থানার ওসি জুবায়ের উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ তারিখ রামগড়ের লালছড়ি এলাকায় মো. নুরুল হকের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী ও ছেলেকে মারধরের অভিযোগে করিম এমদাদের বিরুদ্ধে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩২২ ঘ.