ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতিদের সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্য আদালত অবমাননার শামিল- আইনমন্ত্রীর এ বক্তব্যের জবাব দিতে 'রুচিতে বাধে' বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক আলোচনা সভায় বলেন, "দায়িত্বশীল মন্ত্রীরা যখন বিরোধীদলীয় নেতা এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে অসম্মানজনকভাবে বক্তব্য রাখেন- তার জবাব দিতে আমার রুচিতে বাধে।"
যারা বিরোধীদলীয় নেতাকে ক্ষমা চাইতে বলেন, তাদের আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে- এ দাবি করে তিনি বলেন, "১৯৭৫ সালে দেশের গণতন্ত্র হত্যা করে একদলীয শাসন কায়েম, ওইসময়ে বিচার বিভাগের স্বাধীনতা ওই হরণ এবং ১৯৮৬ সালে জাতীয় বেঈমান হিসেবে স্বৈরাচারের সঙ্গে আতাঁত করে নির্বাচনে যাওয়ার জন্য তাদেরজনগনের কাছে এই ক্ষমা ভিক্ষা চাইতে হবে।"
শনিবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিচারপতিদের টাকা নেওয়ার বিষয়টিকে রায়ের সঙ্গে সংশ্লিষ্ট করে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল।"
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত ৩১ অগাস্ট অভিযোগ করেন, প্রধান বিচারপতি থাকাকালে খায়রুল হক 'টাকার বিনিময়ে' এ রায় দিয়েছেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট কালচারাল পার্টির উদ্যোগে 'ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর: প্রত্যাশা ও প্রাপ্ত' শিরোনামের এ আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমান সভাপতিত্ব করেন।
এতে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাংসদ মোস্তফা আলী মুকুল, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫৭ ঘ.
bdnews24