ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু তদন্তের দাবি উঠলেও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, "এ বিষয়ে আমার কিছু বলার নেই।"
স্বরাষ্ট্রমন্ত্রী কিছু না বললেও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, "লাশ নিয়ে রাজনীতি করার জন্যই এম ইউ আহম্মেদের মৃত্যু নিয়ে অভিযোগ আনা হচ্ছে। যে অভিযোগ আনা হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি জামিনে ছিলেন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।"
হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদ গত ২৬ অগাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির অভিযোগ, গত ১১ অগাস্ট গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনই তার মৃত্যুর কারণ।
আহম্মেদের এ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান। তার দাবি এবং বিএনপির অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী ওই কথা বলেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ফুটবল খেলোয়ারদের সফরের নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের পর আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দুদিনের সফরে ঢাকা আসছেন মনমোহন। একই সময়ে নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে লিয়নেল মেসির নেতৃত্বে ঢাকা আসছে আর্জেন্টিনা ফুটবল দল।
ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার জন্য পুলিশের টহল বাড়ানো হয়েছে বলেও জানান সাহারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24