২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল

বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সরকারকে দোষী করে তার সতর্কবার্তা- এ ষড়যন্ত্র সফল হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সরকারকে দোষী করে তার সতর্কবার্তা- এ ষড়যন্ত্র সফল হবে না। সোমবার এক আলোচনায় সভায় ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যর্থতা থেকেই বিএনপির জন্ম। তাই তারা বিএনপিকে ধ্বংস করতে চায়। অতীতেও তা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের ধ্বংসস্তূপ থেকে বিএনপি ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে।" বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা হয়। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। দেশ বর্তমানে ক্রান্তিকাল পার করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, এ থেকে উত্তরণে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সরকার দেশে নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থায় আঘাত হেনেছে। গণতন্ত্রকে তারা বিপন্ন করেছে। বিএনপি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিলো। জিয়া সে প্রেক্ষাপটে জনগণের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।" বর্তমান সরকারকে ব্যর্থ সরকার অভিহিত করে তিনি বলেন, মহাজোটের এ সরকার দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, মহাসড়ক, পুঁজিবাজার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর শরফত আলী সপু, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪০ ঘ.