২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপির সঙ্গে সুর মিলিয়ে জল ঘোলা করা হচ্ছে'

অ্যাডভোকেট এমইউ আহম্মেদের মৃত্যু নিয়ে বিএনপি 'জল ঘোলা' করছে মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের 'ফাঁদে' পা দিয়ে 'তথাকথিত' বুদ্ধিজীবীরা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট এমইউ আহম্মেদের মৃত্যু নিয়ে বিএনপি 'জল ঘোলা' করছে মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তাদের 'ফাঁদে' পা দিয়ে 'তথাকথিত' বুদ্ধিজীবীরা বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে। রোববার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "মৃত আইনজীবীর স্ত্রী নিজের জিম্মায় তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃত্যুর পর স্ত্রীর দাবিতে ময়না তদন্তও হয়েছে। এর মাধ্যমে যা প্রমাণিত হয়, তাই হবে।" পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ার ১৫ দিন পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদ। তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটাক হয়েছিল। শনিবার জানাজার আগে এম ইউ আহম্মেদের কফিন নিয়ে বিএনপি প্রতিবাদ সমাবেশও করে। আলোচনা সভায় কামরুল বলেন, "বিএনপি লাশ নিয়ে রাজনীতি করতে চাইছে। আর ফাঁদে পা দিয়ে তথাকথিত বুদ্ধিজীবী ও আইনজীবীরা তাদের সাথে সুর মেলাচ্ছেন। বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন তারা।" অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান শনিবার বলেন, সর্বোচ্চ আদালতের একজন আইনজীবীর যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বেহাল মহাসড়কের জন্য যোগাযোগমন্ত্রীর অপসারণ দাবি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়ায় লেখক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদেরও সমালোচনা করেন আইন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "প্রত্যেক ঈদেই বাড়ি ফেরা নিয়ে জনদুর্ভোগ হয়, তা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। অথচ এবার বিএনপির সাথে সুর মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।" ইন্টারপোলের মাধ্যমে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল বলেন, "বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ করতে ৩৫ বছর লেগেছে। এক্ষেত্রেও কিছু সময় লাগবে। ধৈর্য ধরুন। খুনীদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।" ২১ আগস্ট গ্রেনেড মামলার অভিযোগপত্রে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, "প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার নাম অভিযোগপত্রে এসেছে। আদালতের মাধ্যমেই তার বিচার হবে।" তারেক রহমানসহ নতুন ৩০ আসামির নাম অন্তর্ভুক্ত করে গত ৩ জুলাই ওই গ্রেনেড মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই ঘটনার দুটি মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্যারোলে মুক্তি পেয়ে তারেক চিকিৎসার জন্য লন্ডনে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন স¤প্রতি এক অনুষ্ঠানে বলেন, খালেদা জিয়া ও তারেক যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন- সেজন্যই সরকার তাদের মামলায় জড়াচ্ছে। খন্দকার মাহবুবের বক্তব্যের সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে উল্টাপাল্টা না বলে তাকে দেশে ফিরিয়ে এনে তার পক্ষে আইনি লড়াই করুন। দেশের যে কোনো আদালত, বিশেষ আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হতে পারে। সেখানে আপনি ক্লায়েন্টের পক্ষে কাজ করতে পারেন।" শোকের মাস অগাস্ট উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের উপদেষ্টা হাসান ইমাম। অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অভিনেতা ফারুক বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৩৫ ঘ.