হবিগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় জনাব আলী কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
মামলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মানহানিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনসাধারণের মনে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বানিয়াচং থানার ওসি মোকসেদুল মোমেন মামলাটি গ্রহণ করে উপপরিদর্শক কাউছার আহমেদকে তদন্তের দায়িত্ব দেন।
মঙ্গলবার সোহেল তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ওই ব্যঙ্গচিত্র প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২৩০৯ ঘ.
bdnews24