ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল- দুই পক্ষকেই জনগণের কাছে গিয়ে তাদের সমস্যায় নজর দিতে বললেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর উপস্থিতিতে মঙ্গলবার এক ইফতারে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, "আমরা সরকার ও বিরোধী দল বুঝি না। জনগণ যা চায়, আমরা তার সঙ্গে আছি।"
হোটেল রেডিসনে এ ইফতার পার্টি আয়োজন করে বদরুদ্দোজার নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। খালেদা জিয়া ইফতারে পৌঁছানোর পর স্বাগত জানান বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
গত ৪ অগাস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী যোগ দিয়েছিলেন। ২০০২ সালের জুন মাসে রাষ্ট্রপতি পদ থেকে বদরুদ্দোজা চৌধুরীকে অপসারণের পর তিনি বিকল্পধারা বাংলাদেশ নাম নতুন রাজনৈতিক দল গঠন করেন।
মূল টেবিলে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, কল্যাণ পাটির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহীম ও বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান প্রমুখ নেতারা বসেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব মূল টেবিলে বসেননি। তিনি অতিথিদের সঙ্গে ইফতার করেন। অতিথি আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আবদুল মইন খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ নেতারাও ইফতারে অংশ নেন।
ইফতারের আগে স্বাগত বক্তব্যে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী দেশের বর্তমান অবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, "আমরা সরকার ও বিরোধী দল বুঝি না। আমরা জনগণ যা চায় তার সঙ্গে আছি।"
"মহাজোটের শরিকরা এই ইফতারে এসেছেন। তাদের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ থাকবে, জনগণের সমস্যার দিকে নজর দিন। আপনাদের বাকি যে সময় আছে তার মধ্যে জনগণের জন্য কাজ করুন।"
একই সঙ্গে বিরোধী দলকে সাবেক রাষ্ট্রপতি বলেন, "বিরোধী দলকে বলব, দেশের মানুষের কাছাকাছি থাকুন। আমরাও জনগণের কাছাকাছি আছি।"
তিনি বলেন, "দেশের জনগণ কী চায় তা বুঝতে হবে। মানুষ বিদ্যুৎ চায়, মানুষ কাজ চায়। এসব সমস্যার সমাধান দিতে হবে।"
এর আগে অতিথিদের স্বাগত জানিয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, "আমরা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানিসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৩ ঘ.
bdnews24