২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশিবিরের কর্মকাণ্ডে হতাশ মীর নাছির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর ছাত্র শিবিরের কর্মকাণ্ডে হতাশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 04:54 PM

Updated : 25 Apr 2022, 11:35 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর ছাত্র শিবিরের কর্মকাণ্ডে হতাশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। শনিবার সন্ধ্যায় নগরীর একটি রেষ্টুরেন্টে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী (উত্তর) আয়োজিত ইফতারে তিনি বলেন, "বিনা অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, দোলোয়ার হোসেন সাঈদীসহ শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। "অথচ তাদের জন্য আপনারা কিছুই করলেন না। যে ভূমিকা রাখা দরকার ছিল তা হয়নি। আপনাদের কর্মকাণ্ডে আমি হতাশ।" সাবেক মন্ত্রী নাছির বলেন, "১৯৯৬ সালে চট্টগ্রামে একজন শিবিরকর্মীর মৃত্যুর পর সারা দেশের রাজপথ উত্তপ্ত করে তুলেছিল শিবির। আপনাদের তাণ্ডব আমি দেখেছি। আর এখন আপনাদের কী হলো? সবাই চুপচাপ।" আন্দোলন কেন হচ্ছে না তার কারণ খুুঁজে বের করতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. ফখরুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন মীর নাছির। নিজামী, মুজাহিদ ও দেলোয়ারসহ জামায়াতে ইসলামীর কয়েকজন শীর্ষনেতা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রয়েছেন। এদের মধ্যে দেলোয়ারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। নগর শিবিরের সভাপতি মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. ফখরুদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমীর আফসারুদ্দিন চৌধুরী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২২৪৯ ঘ.