২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া পরিবার হাসিনার বিষাক্ত রাজনীতির শিকার: নোমান

বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার 'বিষাক্ত' রাজনীতির শিকার বিএনপি ও জিয়া পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার 'বিষাক্ত' রাজনীতির শিকার বিএনপি ও জিয়া পরিবার। শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয় চত্বরে এক সমাবেশে তিনি বলেন, "সরকার খালেদা জিয়া ও তারেক জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করছে।" "ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে 'পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষাক্ত রাজনীতির বাস্তব চিত্র ফুটে উঠেছে।" চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ হয়। শুক্রবার ইকোনমিস্টের অনলাইন সংস্করণে প্রকাশিত 'পয়জনাস পলিটিক্স ইন বাংলাদেশ' ও 'ইন দ্য নেম অব দ্য ফাদার' শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদনে শেখ হাসিনার সরকারের সমালোচনা করা হয়। প্রতিবেদন দুটি শনিবার ইকোনমিস্টের প্রিন্ট সংস্করণেও প্রকাশ হওয়ার কথা। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নোমান। একটি দাতব্য সংস্থার জমি কেনায় দুর্নীতির অভিযোগে খালেদার বিরুদ্ধে গত সপ্তাহে মামলা করে দুর্নীতি দমন কমিশন। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৩ ঘ.