২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০ শিক্ষকের বিবৃতি: খালেদার বিরুদ্ধে মামলা হয়রানিমূলক

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাকে 'হয়রানিমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৫০ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাকে 'হয়রানিমূলক' উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৫০ জন শিক্ষক। বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, বিগত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের পথ ধরে বর্তমানে সরকারও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পরিবারের প্রতি প্রতিহিংসা এবং বিদ্বেষমূলক আচরণ করছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে জমি কেনায় আর্থিক অনিময়ের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর সমালোচনা করে শিক্ষকদের বিবৃতিতে বলা হয়, "আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, পদে পদে মানবাধিকার লঙ্ঘন, সীমান্তে নিয়মিত বাংলাদেশিদের হত্যা, বিদ্যুৎ-গ্যাস-পানির চরম সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিসহ হাজারো সমস্যার সমাধান না করে সরকার খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের এবং তাদের মানহানি ও হয়রানি করছে, যা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।" বিবৃতিতে শিক্ষকদের পক্ষে স্বাক্ষর করেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন। বিবৃতিদাতাদের মধ্যে আরো আছেন অধ্যাপক এস এম এ ফায়েজ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. আখতার হোসেন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৪৫ ঘ.