২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় 'জুয়ার চাঁদা' নিয়ে সংঘর্ষ

'জুয়ার টাকার ভাগাভাগি' নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকর্মীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 07:17 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

গাইবান্ধা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জুয়ার টাকার ভাগাভাগি' নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকর্মীদের সঙ্গে ছাত্রলীগকর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৯টা থেকে দুইঘণ্টা এ সংঘর্ষ চলে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি করেছে। এ সময় রংপুর-ঢাকা মহাসড়কে কয়েকশ' যানবাহন অটকা পড়ে। পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় তারা মহাসড়কের ২/৩টি যাত্রীবাহী বাস ও দোকান ভাংচুর করে। সড়কে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে। রাত ১১টায় পরিস্থিতি স্বভাবিক হয়। পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম মোকসেদ চৌধুরী বিদুৎ জানান, দীর্ঘদিন থেকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কয়েকটি স্পটে জুয়া খেলা চলে আসছে। এ নিয়ে গত ৩১ জুলাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনাও হয়। তিনি বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন ছাত্রলীগকর্মী ইউনিয়নের টেকানী এলাকায় জুয়া খেলার চাঁদা আনতে যায়। এ সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকর্মীরাও সেখানে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এর জেরে বুধবার রাত ৯টার দিকে সংঘর্ষ জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.