সিলেট, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ করেছে বিএনপি।
জেলা ও মহানগর শাখা বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশের আয়োজন করে।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকারীদের মৃত্যুদণ্ড মওকুফ করার প্রতিবাদে গত সোমবার দুপুরে লক্ষ্মীপুরে দলটির এক কর্মী সমাবেশে অংশ নিয়ে বের হওয়ার পর ফখরুলের গাড়িবহরে হামলা হয়।
এই হামলার প্রতিবাদে সমাবেশে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘনঘন লোডশেডিং, গ্যাস ও পানির অভাবের সমালোচনা করেন।
তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/১৯০০ ঘ.
bdnews24