ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বিএনপির দাবির মধ্যেই মঙ্গলবার তিনি একথা জানালেন।
সোমবার লক্ষীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরের বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হয় বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহর। এ সময় সংসদ সদস্য শাহজাহানের গাড়ি ভাংচুর করা হয়। আহত হয় সাংবাদিকসহ ১২ জন।
সরকার সমর্থকরা এ হামলা চালিয়েছে দাবি করে বিএনপি এর প্রতিবাদে বুধবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। ঘটনার তদন্ত দাবি করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
এ বিষয়ে তদন্ত হবে কি না- জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক এক সভার পর তিনি এ কথা বলেন।
তিনি জানান, এ বছর এডিপিতে ৩৫টি প্রকল্প রয়েছে, যাতে বরাদ্দ করা হয়েছে ৪৮২ কোটি টাকা।
বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে ভাংচুর ও বিক্ষোভ চলছে- এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "সঙ্কটকে পুঁজি করে কেউ যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।"
বিদ্যুৎ সঙ্কট রাতারাতি সমাধান করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সমস্যা কমে আসবে।
রমজানে একটি বিশেষ মহল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, "এখানে অনেক ফন্দি-ফিকিরবাজ কাজ করছে, তারাও চক্রান্ত করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24