ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সরকারি প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা না করে সহযোগী হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রকল্প গ্রহণ করা উচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্টারিয়ান প্রতিনিধি দলের সঙ্গে বুধবার নিজ কার্যালয়ে মত বিনিময়ে এ কথা বলেন দীপু মনি।
মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং যে কোনো একটি ক্ষেত্রে একাধিক কর্মসূচি গ্রহণ এড়াতে উপযুক্ত প্রকল্প বাছাই ও তহবিল বরাদ্দে উন্নয়ন অংশীদার ও এনজিওগুলোকে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের সব দলীয় প্রতিনিধির অংশ্রহণে গঠিত ঋণ, সহায়তা ও বাণিজ্য বিষয়ক (এপিপিজে ডিএটি) ফোরামের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে ডিএফআইডি তহবিলের আওতায় পরিচালিত কর্মসূচিগুলোর পরিস্থিতি পর্যালোচনায় ঢাকা সফর করছেন।
অনেক এনজিও তৃণমূল পর্যায়ে কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দাতা সংস্থাগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহের ব্যাপারে তাদের আরো মনোযোগী হওয়া উচিত।
ব্রিটিশ এমপিরা বলেন, বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখতে ব্রিটিশ পার্লামেন্টে জনমত গঠনে কাজ করবেন তারা।
ব্রিটিশ পার্লামেন্টে প্রভাবশালী এই এপিপিজে ডিএটি ফোরামের সঙ্গে ১৭০ জনের বেশি এমপি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৪৩ ঘ.
bdnews24