ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার বৈঠক থাকায় মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিচ্ছে না ক্ষমতসীন আওয়ামী লীগ। দলটি সংলাপের নতুন তারখ চাইবে।
দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "কালকে (মঙ্গলবার) সংলাপে আমরা অংশ নিচ্ছি না। নতুন একটা তারিখ চাইবো আমরা।"
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের যে কমিটির অংশ নেওয়ার কথা সে কমিটির অনেকেই মন্ত্রিসভার সদস্য। এ কারণে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক হওয়ায় তারা অংশ নিতে পারবেন না বলে জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দলের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার নির্বাচন কমিশনে যাবে। তারা নতুন তারিখের জন্য আবেদন করবেন।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে দলের নীতিনির্ধারকদের বৈঠক শেষে আশরাফ একথা বলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সঙ্গে কমিশনের সংলাপ হওয়ার কথা ছিলো। গত ৯ জুন আওয়ামী লীগের সংলাপের দিন থাকলেও বাজেট অধিবেশনের কারণে ওই তারিখ বদলানো হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুহ-উল আলম লেনিন, মহিলা ও নারী বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস।
বৈঠকে প্রতিনিধিদলের প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন।
নির্বাচনী আইনের সংস্কারসহ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, জনতহবিল আইন, নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি ও সীমানা পুনর্র্নিধারণ বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সংলাপে অংশ নিতে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিকে ইতিমধ্যে নির্বাচন কমিশন দুবার আমন্ত্রণ জানালেও বিএনপি সংলাপে যায়নি। কমিশনের দেওয়া তৃতীয় চিঠি অনুযায়ী বুধবার বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৫ ঘ.
bdnews24