ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টিকে ছুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "যারা গণতন্ত্র চান, এরকম অনেক দলই খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমাদের সঙ্গে আসছেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের দলসহ সরকারি জোটের অনেকে যারা গণতন্ত্র চান, তারও আমাদের সঙ্গে চলে আসবেন।"
জাতীয় পার্টি মহাজোটে থাকলেও নানা বিষয়ে বিভিন্ন সময়ে অসেন্তাষ প্রকাশ করেছেন এইচ এম এরশাদ, যদিও তিনি বলেছেন, মহাজোট ছাড়বেন না।
সরকারবিরোধী আন্দোলনে অন্য দলগুলোকে সম্পৃক্ত করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে অলি আহমদের এলডিপি, একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, আসম আব্দুর রবের জেএসডি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে যোগযোগ করেছে তারা।
আর এর মধ্যেই এক সময়ের জাতীয় পার্টির নেতা মওদুদ তার সাবেক দলের সঙ্গে বর্তমান দল বিএনপির সঙ্গে মিত্রতাবন্ধনের ইঙ্গিত দিলেন।
স্বাধীনতা ফোরামের উদ্যোগে '২১ অগাস্টের গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগপত্রে সরকারের প্রভাব ও প্রকৃত অপরাধীদের অবস্থান' শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে মওদুদ এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। তাই বিএনপির চলমান আন্দোলনে গণতন্ত্রে বিশ্বাসী সব দল, মত ও পেশার শক্তিকে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া চাই।
২১ অগাস্টের মামলার তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন মওদুদ।
সংবিধান ছুড়ে ফেলা বিষয়ক খালেদা জিয়া বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপি নেতা বলেন, "সংবিধানের সংশোধনী ছুড়ে ফেলা হবে বা গ্রহণযোগ্য নয়- খালেদা জিয়ার এ অভিপ্রায়ের অর্থ হচ্ছে- তার দল আমরা ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী পরিবর্তন করবে।"
খালেদার বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নেতা সমালোচনা করে আসছেন। সংবিধান ছুড়ে ফেলার হুমকি রাষ্ট্রদ্রোহের শামিল বলেও মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
মওদুদ বলেন, "সুরঞ্জিত বাবু যে অপরাধের কথা বলছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। সংবিধান ছুড়ে ফেললে কিংবা ছিড়ে ফেলতে চাইলে শাস্তির বিধান আমাদের সংবিধানে নেই।"
"১৯৭৪ সালে আওয়ামী লীগ সংবিধান খণ্ডবিখণ্ড করে জনগণের মতামতের বাইরে এককভাবে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। তাই ওই রকম শাস্তির বিধান থাকলে আওয়ামী লীগেরই প্রথমে বিচার হতো", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24