২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইউপি নির্বাচনে সংঘাত, নিহত ১

কক্সবাজার সদর উপজেলা পোকখালী ইউনিয়নের নির্বাচনী সংঘাতে এক জন নিহত এবং দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 04:26 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলা পোকখালী ইউনিয়নের নির্বাচনী সংঘাতে এক জন নিহত এবং দুজন আহত হয়েছে। রোববার ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শামসুল হুদা (৬০) পরাজিত চেয়ারম্যান রফিক আহমেদের চাচা হলেও তিনি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ফরিদুল আলমের হয়ে কাজ করেছেন বলে স্থানীয়রা জানায়। আহতরা হলেন- আকতার আহমদ (৪৫) ও মোহাম্মদ জুনায়েদ (৩০)। তাদের সবার বাড়ি পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী এলাকায়। কক্সবাজার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফল প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত বাঁধে। ওই সময় কুপিয়ে আহত করা হয় শামসুল, আকতার ও জুনায়েদকে। হাসপাতালে আনার পথে শামসুল হুদা মারা যান। অন্য দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পোকখালীর বাসিন্দা সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুল হুদা ছিলেন বিজয়ী চেয়ারম্যান ফরিদুল আলমের একনিষ্ঠ কর্মী। তবে তিনি পরাজিত প্রার্থী রফিক আহমদের চাচা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.