২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের ওপর হামলার বিচার দাবি ঢাবি শিক্ষকদের

বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। মানববন্ধন শেষে সাদাদলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন সাংবাদিকদের বলেন, "হরতালের সমর্থনে বের করা মিছিলে ফারুককে পুলিশ যেভাবে পিটিয়েছে তা বর্র্বরোচিত। একটা সভ্য সমাজে কাউকে এভাবে পেটানো হয় না।" হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, "তিনি (ফারুক) দৌঁড়ে দৌঁড়ে যাচ্ছিলেন। সেখানে তাকে দৌঁড়িয়ে ধরে পেটানো হয়েছে। মাটিতে পড়ে যাওয়ার পর সেখানেও বেধম আঘাত করা হয়েছে।" বুধবার হরতালের সময় সংসদ ভবনের সামনে ন্যাম ফ্ল্যাটের কাছে পুলিশি হামলায় গুরুতর আহত হন ফারুক। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অধ্যপক সদরুল বলেন, দেশের জনগণ এ সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে। এতে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য নির্বাচিত করা হয়নি। আদালতের রায় মেনে কমপক্ষে দুইবার গণতান্ত্রিক উপায়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় নির্বাচন দিতে হবে। "এর ব্যতিক্রম হলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। বিবেকবান মানুষ হিসেবে আমাদের এটা কাম্য হতে পারে না", বলেন তিনি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম ফায়েজ ও অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক লয়লা নূর ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২২ ঘ.