ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখে এক্ষেত্রে পুলিশের দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।
বিএনপিসহ চার দলের হরতালের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৭টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পুলিশি হামলার মুখে পড়েন ফারুক। তার অভিযোগ, পুলিশ তাকে বুট দিয়ে লাথিও মেরেছে।
এ বিষয়ে হানিফ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হবে। বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অন্যায় আচরণ করা হলে, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।"
"তবে উনি (ফারুক) যেভাবে পুলিশকে গালাগাল করেছেন, বিরোধীদলীয় চিফ হুইপ এ আচরণ করতে পারে না", যোগ করেন তিনি।
হরতালে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
তিনি বলেন, "গতকাল (মঙ্গলবার) রাতে গাড়ি পোড়ানোর ঘটনায় মানুষ আতঙ্কিত। এজন্য রাস্তায় ব্যক্তি মালিকানাধীন গাড়ি কিছুটা কম।"
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য সব কিছু সচল রয়েছে বলে হানিফ দাবি করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো দুদিনের এ হরতাল ডেকেছে।
হরতালের প্রথম দিনেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
হরতালের সমর্থনে বিএনপিকে মিছিলে বাধা দেওয়া হলেও সকাল থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা গুলিস্তানে দফায় দফায় হরতালবিরোধী মিছিল করে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ দলীয় কার্যালয়ে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24