২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

হরতালের সমর্থনে মিছিল করার সময় মঙ্গলবার বরিশাল নগরীতে বিএনপি নোকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

বরিশাল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের সমর্থনে মিছিল করার সময় মঙ্গলবার বরিশাল নগরীতে বিএনপি নোকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে। নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় দু'দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল ছোঁড়ে এবং হরতাল সমর্থকরা ইটপাটকেল নিক্ষপ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে হরতালের সমর্থনে শহীদ মিনার থেকে দক্ষিণ জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর রোডের বিবি পুকুরের পশ্চিম পাড়ে এলে পুলিশ বাধা দেয়। এরপর তারা জজ কোর্টের সামনে গিয়ে আবার সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর বিএনপি নেতাকর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। এখান থেকে আটক করা হয় ছাত্রদলকর্মী সোহেল (৩০), সাইদ (৩০) ও উজ্জ্বলকে (২৫)। এদিকে, অশ্বিনী কুমার হল চত্বরে হরতালের সমর্থনে একটি সমাবেশ হয়। এরপর মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়েও মিছিল শুরু করলে পুলিশ ধাওয়া করে। আর বিএনপিকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ বাধে। ইটপাটকেল নিক্ষেপের জবাবে এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল ছোঁড়ে। এ সময় আহত হন- স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ফারুক লিটু ও নাসিরউদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন, যুবদলকর্মী জিয়া সিকদার, ছাত্রদলকর্মী আফরোজা খানম নাসরিন, ছাত্রদলকর্মী মেহেদী হাসান সোহেলসহ অন্তত ২০ জন। এখান থেকে আটক করা হয়- মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, জেলা যুগ্ম আহবায়ক মাহফুযুল আলম মিঠু, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম নয়ন ও ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি শহীদ মোল্লা। বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালন করার সময় পুলিশ বাধা দেয়। নেতাকর্মীদের লাঠিপেটা করে। টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট ছোঁড়ে। তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে সরোয়ার দাবি করেন। মহানগর পুলিশের সহকারী কমিশনার আসলাম খান বলেন, কর্মসূচি পালনের এক পর্যায়ে হঠাৎ পিছন থেকে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবিরসহ ৩/৪ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি শান্ত করতে এক রাউন্ড রাবার বুলেট ও ২২টি টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসি আসলাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.