ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতার কারণে দেশে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। তাতে সরকারের পতন হবে।"
খন্দকার মাহবুব বলেন, "ব্যর্থ এই সরকার ৭ বছরের পুরানো মামলায় তারেক রহমানকে আসামি করেছে। সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান। সরকারের এমন বক্তব্যেই বোঝা যায়, কেমন বিচার হবে।"
মুদ্রা পাচারের দায়ে ঢাকার একটি আদালত জুন মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ৬ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য পরিচালিত গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে।
এরই প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সভাপতি বলেন, "মামলা দিয়ে তারেক রহমানের রাজনীতি করা বন্ধ করা যাবে না। একদিন তিনি লাল গালিচার ওপর দিয়ে এসে রাজনীতিতে প্রবেশ করবেন।"
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যরিস্টার রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে এক ব্যক্তির শাসন কায়েমের চেষ্টা চলছে।
তিনি বলেন, "গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট, শেয়ার বাজার কেলেঙ্কারিসহ নানা সমস্যা চলছে। এ অবস্থায় জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার তারেকের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন বলেন, "প্রধানমন্ত্রী দেশের এবং জনগণের মঙ্গলের কথা না বলে জিয়া পরিবারকে নিয়ে ব্যস্ত। দলীয় ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য তারা প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করছে। ইচ্ছামতো তদনমশ সংস্থা গঠন ও প্রভাবিত করে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা তারেকের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯৫২ ঘ.
bdnews24