ঠাকুরগাঁও, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন (২৬) দুর্বৃত্তের হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন।
এ সময় তার টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।
সোমবার রাতে কলেজপাড়ার বিএডিসি এলাকায় তার উপর এ হামলা চালানো হয়।
শাহীনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীন সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী তাকে মোটরসাইকেলে তুলে বিএডিসি এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে যায়। তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এছাড়া আরো ৩০ হাজার টাকা এনে দিতে বলে।
এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা শাহীনের দুই হাতের কনুই, আঙুল, পা ও কোমরে হাতুড়িপেটা করে থেঁতলে দেয়।
তার চিৎকারে লোকজন এলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সংগঠনটির জেলা সভাপতি ফখরুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ অভিযোগ করেন, তাদের কমিটির বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।
সদর থানার ওসি গোপাল চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24