বরগুনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার তালতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে ঘটনার ৩৮ বছর পর।
রোববার বরগুনার আমতলী আমলী আদালতে মামলাটি (নম্বর: ২৪১/১১) দায়ের করেন আমড়াঝুড়ি গ্রামের নাসির উদ্দিন মল্লিক।
আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য তালতলী থানাকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- তালতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী সিকদার ও তার ভাই আবদুর রশিদ সিকদার।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ৩১ মার্চ পচাকোড়ালিয়া ইউপি'র তৎকালীন চেয়ারম্যান রমজান আলী সিকদার (৬৫) ও তার ছোটভাই পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রশিদ সিকদার (৫৫) লোকজন নিয়ে নলবুনিয়া গ্রামের আমজেদ ঘরামি (৩৫), হাড়িপাড়া গ্রামের আবদুল করিম মল্লিক (৩৫), মোতালেব মল্লিক (৩০), রেনু বেগম (৩০) ও ইদ্রিসুর রহমানকে (৯) কুপিয়ে ও গুলি করে হত্যা করেন।
এরপর তারা লাশগুলো টুকরো টুকরো করে পায়রা নদীতে ফেলে দেন।
ইউপি নির্বাচনে রমজান আলী সিকদারকে সমর্থন না করার জেরে ওই পাঁচজনকে খুন করা হয়েছিলো বলে নিহত আবদুল করিম মল্লিকের ভাইপো নাসির উদ্দিন মল্লিক মামলায় অবিযোগ করেন।
মামলায় বাদী আরো উল্লেখ করেন, হত্যাকা-ের পর নিহতদের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামে বসবাস করতে থাকে। খুনের ঘটনার সময় নিহতদের বংশধররা নাবালক থাকায় এবং প্রাণের ভয়ে নিহতদের পরিবার মামলা করতে পারেনি।
এ ব্যাপারে রমজান আলী সিকদার জানান, "১৯৭৩ সালে ওই রকম একটা ঘটনা ঘটেছিল। সে ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। পিকে মাধ্যমিক বিদ্যালয় নিয়ে স্থানীয় পর্যায়ে আমাদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। সে কারণে এই মিথ্যা মামলা হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24