সুমন মাহবুব ও মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হওয়ার পর বিভক্তি ভোটে পাস হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল। এর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, ফলে আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরাকরের অধীনেই।
বিরোধী দলের অনুপস্থিতিতে বৃহস্পতিবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ সদস্য এ সময় সংসদে উপস্থিতি ছিলেন।
এই সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের জাতীয়তা বাংলাদেশির পরিবর্তে বাঙালি হলো। বিভিন্ন মহলের সমালোচনা থাকলেও বহাল থাকলো রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ'। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদিবাসী স্বীকৃতি এবারও উপেক্ষিত হলো।
প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পরই এ সংশোধনী কার্যকর হবে।
সংশোধিত সংবিধান অনুযায়ী, সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। ওই সময়ে সরকার থাকলেও তারা কেবল রুটিন কাজ চালিয়ে নেবে। ক্ষমতা বাড়বে নির্বাচন কমিশনের। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল হবে রাষ্ট্রদ্রোহের শামিল। সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০।
সংবিধান সংশোধনের এই বিলের ব্যাপারে আপত্তি জানান কেবল স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। তবে কণ্ঠভোটে তা নাকচ হয়। ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ ও ন্যাপের সংসদ সদস্যরা রাষ্ট্রধর্ম ইসলাম ও জাতীয়তার পরিচয়ের দফায় সংশোধনীর প্রস্তাব দিলেও তা নাকচ হয়ে যায় কণ্ঠভোটে।
সকাল সাড়ে ১১টার কিছু সময় পর সংসদের অধিবেশন শুরু হয়। বেলা ৩টা ৫০ মিনিটে বিলটি পাস হয়। এরপর বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংবিধান পাসের জন্য সব সংসদ সদস্যকে অভিনন্দন জানান। ধন্যবাদ জানান সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যদের।
হাসিনা বলেন, "আজ একটি পবিত্র দিন। জনগণের ক্ষমতা ও ভোটের অধিকার নিশ্চিত করতে পেরেছি।"
স্পিকার বলেন, এই প্রথম দিনের বেলায় সংবিধান সংশোধন হলো। এরপর সংসদ অধিবেশন আগামী ৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করেন তিনি।
সংবিধান সংশোধনের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আগে থেকে সংসদ সদস্যদের নোটিশ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দবন্ধ তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ১০ ও ১১ জুলাই হরতাল ডেকেছে কয়েকটি ইসলামী দলসহ ১২টি সংগঠন।
অন্য দিকে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা এবং আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ার সমালোচনা করেছে দশটি বামপন্থী দল এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
বাহাত্তরে দেশের প্রথম সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন সংবিধান সংশোধনের প্রতিক্রিয়ায় বলেছেন, অসাংবিধানিক পন্থায় বাহাত্তরের সংবিধানের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছিলো। যার কিছু কিছু আবার আদালতের রায়ের মাধ্যমে ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। তিনি এ বিষয়টিকে স্বাগত জানান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় এবং বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
প্রস্তাব উত্থাপন, আজিমের আপত্তি
সংসদ অধিবেশনের শুরুতেই বেলা পৌনে ১২টায় আইনমন্ত্রী শফিক আহমেদ সংবিধান সংশোধন বিল উত্থাপন করেন। সঙ্গে সঙ্গে এর ওপর আপত্তি তুলে ধরেন ফজলুল আজিম।
নোয়াখালীর এ সংসদ সদস্য বলেন, "এ বিল নিয়ে জাতি বিভক্ত হয়েছে। সংবিধান পরিবর্তন হতে পারে। এর আগেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তা হয়েছে। এবার কিছু মৌলিক বিষয়ে হাত দেওয়া হয়েছে। এ মৌলিক বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করার দরকার নেই। এত বড় একটি দলিল নিয়ে এত দ্রুততা কেন? আমি চাই না, এ বিষয়টি নিয়ে জাতি ভুল করুক।"
তিনি জনমত যাচাইয়ের জন্য বিলটি বাছাই কমিটিতে দেওয়ার প্রস্তাব জানান।
নির্ধারিত সময় পার হলে মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন এক সময়ের বিএনপি নেতা আজিম। কথা বলতে না দেওয়ার প্রতিবাদে ১১টা ৫৭ মিনিটে আজিম ওয়াকআউট করেন। তবে এর তিন মিনিট পর তিনি ফিরে আসেন অধিবেশন কক্ষে। এরপর অধিবেশনে তিন দফা ওয়াকআউট করেন তিনি।
আজিমের বক্তব্যের পর আইনমন্ত্রী দাঁড়িয়ে জনমত যাচাইয়ের বিরোধিতা করেন। এরপর স্পিকার জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা নাকচ হয়ে যায়।
সংশোধন প্রস্তাবও কণ্ঠভোটে নাকচ
জনমত যাচাই প্রস্তাবের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মইনুদ্দীন খান বাদল, শাহ জিকরুল আহমেদ, ন্যাপের আমিনা আহমেদ তাদের সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরেন। তারা সবাই মূলত রাষ্ট্রধর্ম ও জাতীয়তা নিয়ে আপত্তির কথা জানান।
পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্য আজিম এবং সরকারদলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও কামাল আহমেদ মজুমদার তাদের সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরেন।
মেনন বিলের ২, ৪, ৬, ১৪, ১৫, ১৬ সহ সাতটি দফার ওপর সংশোধনী প্রস্তাব দেন। তিনি বলেন, "দ্বিতীয় দফার বিলুপ্তি চেয়েছি। যেখানে বিসমিল্লাহ সংযোজন করা হয়েছে। দেশবাসী প্রত্যাশা করেছিলো- মহাজোট সরকার '৭২ এর সংবিধানে ফিরে যাবে। যেখানে ধর্ম নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। এখানে ধর্মকে আরো পোক্ত করা হয়েছে।"
রাষ্ট্রধর্ম প্রতিস্থাপন করে 'প্রজাতন্ত্রের সর্বাধিক জনগণের ধর্ম ইসলাম' যোগ করার প্রস্তাব করেন তিনি।
জাসদ সভাপতি ইনু বলেন, "মানুষের ধর্ম থাকতে পারে, রাষ্ট্রের ধর্ম থাকতে পারে না। এজন্য আমি ২ ও ৪ দফা বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।"
আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের বিলের পরিবেশ সংক্রান্ত দফায় জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে পাহাড়কেও যুক্ত করার প্রস্তাব দেন। কামাল মজুমদার ২ নম্বর দফায় 'আল্লাহ সর্বশক্তিমান' শব্দবন্ধ যোগ করার সুপারিশ করেন।
ফজলুল আজিম সংশোধনী প্রস্তাব আনেন ২৩টি দফার ওপরে।
সামরিক শাসনের বিষয়ে তিনি বলেন, "আইন করে অবৈধ ক্ষমতা দখল বন্ধ করা যাবে না। দরকার মতৈক্য। প্রধান দুই রাজনৈতিক দলকে বসে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে সংবিধানের সংশোধন যদি এ সরকার করে, তা হবে ঐতিহাসিক ভুল।"
আজিম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলেরও বিরোধিতা করেন। এছাড়া সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপনের পর আইনমন্ত্রী বলেন, "আমরা ইসলাম ধর্মের সঙ্গে সব ধর্মের সমঅধিকার নিশ্চিত করেছি। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।"
জাতীয়তার বিষয়ে বিরোধিতার জবাবে তিনি বলেন, "আমরা বাঙালি জাতি হিসাবে মুক্তিযুদ্ধ করেছি। ইংল্যান্ডের লোক ইংলিশ আর নাগরিক হিসাবে বৃটিশ। অন্য দেশের কেউ ইংলান্ডের নাগরিক হলেও ইংলিশ হয় না।"
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটা গণতন্ত্রের মৌলিক চিন্তার সঙ্গে সাংঘর্ষিক বলেই আদালত তা অবৈধ ঘোষণা করেছে। রায়ের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করার অধিকার আমাদের নেই।"
"সংশোধনীগুলো গ্রহণ করার কোনো যুক্তি নেই। তাই আমি তা গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত", উপসংহার টানেন মন্ত্রী।
এরপর সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।
বিভক্তি ভোট
সংবিধান সংশোধন বিলটি উপস্থাপনের পর কার্যপ্রণালী বিধির ৯৯ ধারা অনুযায়ী বিভক্তি ভোটের মাধ্যমেই বিল পাসের প্রক্রিয়া শুরু হয়।
প্রস্তাবের পক্ষে সংসদীয় আসন ১ থেকে ১০০ নম্বরের সংসদ সদস্যরা প্রথম লবিতে, ১০১ থেকে ২০০ আসনের সংসদ সদস্যরা দ্বিতীয় লবিতে, ২০১ থেকে ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য তৃতীয় লবিতে এবং ৩০১ থেকে ৩৪৫ নম্বর আসনের সংসদ সদস্য চতুর্থ লবিতে সমবেত হন।
বিপক্ষের ১ থেকে ৩৪৫ নম্বর আসনের সংসদ সদস্যদের জন্য পঞ্চম লবি নির্ধারণ করা হয়। বিরোধী দলের সদস্যসংখ্যা কম হওয়ায় তাদের জন্য মাত্র একটি লবি রাখা হয়।
সংশোধন প্রস্তাবগুলো নাকচ হওয়ার পর বিলের ৫৫টি প্রস্তাব অনুমোদনে নিষ্পত্তির জন্য বিভক্তি ভোটে দেন স্পিকার আবদুল হামিদ। এতে ২৮৯টি ভোট পক্ষে পড়ে, বিপক্ষে পড়ে শুধু একটি।
এরপর বিলটি পাসের জন্য সংসদের কাছে আনুষ্ঠানিক আহ্বান জানান আইনমন্ত্রী। কণ্ঠভোটে তা পাস হওয়ার পর এটিও বিভক্তি ভোটে দেওয়া হলে বিল পাসের পক্ষে ভোট পড়ে ২৯১টি, বিপক্ষে পড়ে একটি।
সংসদ সদস্যরা লবিতে ঢোকার পর নির্ধারিত কাগজে 'হ্যাঁ' অথবা 'না' লিখে স্বাক্ষর করেন। ওই তালিকা স্পিকারের কাছে আসার পর তিনি ভোটের ফল ঘোষণা করেন।
দুই দফাতেই স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বিপক্ষে ভোট দেন। বিভক্তি ভোটের প্রথম দফায় অনুপস্থিত ছিলেন সরকারি দলের তানজিম আহমেদ সোহেল তাজ ও নূরুল মজিদ হুমায়ুন।
মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ২৭০, জাতীয় পার্টি ২৯, জাসদ ৩ ও ওয়ার্কার্স পার্টির দুজন সদস্য রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১১ জন এবং জাতীয় পার্টির এক জন অনুপস্থিত ছিলেন।
বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামীর ২, বিজেপির একজন এবং এলডিপির একজন সদস্যও অনুপস্থিত ছিলেন সংসদে।
বিভক্তি ভোটের সময় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার কাজ করা ঘিয়ে রঙের শাড়ি পরা হাসিনাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিলো। তিনি দুবারই ভোট দিতে যান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিকে সঙ্গে নিয়ে।
মহাজোট শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টির পাঁচ সংসদ সদস্য কয়েকটি বিষয়ে আপত্তিসহ বিভক্তি ভোটে সই করেন।
বিভক্তি ভোটে অংশ নিতে প্রথমে অনীহা দেখিয়ে আসনে বসেছিলেন মেনন, ইনু, বাদল ও জিকরুল। পরে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, আসম ফিরোজের অনুরোধে তাদের লবিতে দেখা যায়।
ডেপুটি স্পিকার শওকত আলী ভোটে অংশ নিলেও স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করায় তাকে ভোট দিতে হয়নি।
বিল উত্থাপনকারী মন্ত্রী বিভক্তি ভোটে দর্শক
আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি পাসের জন্য উত্থাপন করলেও টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ায় ভোটে অংশ নিতে পারেননি। শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24