ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নাটাই ইউনিয়নে নির্বাচনোত্তর সংঘর্ষে দ্বিতীয় দিন অন্তত আরো ২০ জন আহত হয়েছে। আগুন ধরানো হয়েছে আরো ১০টি বাড়িতে। পুলিশ ১১ জনকে আটক করেছে।
নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামে সোমবার থেকে সহিংসতায় মোট ৭০ জন আহত এবং ৩০টি বাড়ি-ঘরে আগুন ধরানো হয়।
সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকালে আবারো দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আব্দুর রব মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার পরিস্থিতি শান্ত করা হলেও মঙ্গলবার সকাল থেকে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পরে।
তিনি জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জনকে আটক করা হয়েছে। এখন সেখানে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। থেমে থেমে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা চালাচ্ছে ও অগ্নিসংযোগ করছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা রয়েছে। তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
সংঘর্ষে গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক হারুনূর রশিদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামের ইয়াছিন ও কাশেম মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
শনিবার (২৫ জুন) নাটাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরাসার গ্রামের মো. বাদল মিয়া সদস্য নির্বাচিত হন। পরাজিত হন রজব আলী।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনে রজব আলীকে ভোট না দেওয়া নিয়ে সোমবার ইয়াছিন ও কাশেম মাস্টারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে সন্ধ্যা সাতটার দিকে কয়েকশ' গ্রামবাসী দু'দলের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ২০টি বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক টিয়ার গ্যাস সেল এবং শটগানের গুলি ছোড়ে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার শহীদ আবু সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার দমকল বাহিনীর স্টাফ অফিসার মো. সালাউদ্দিন জানান, দমকল বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০০ ঘ.
bdnews24