২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া বিকালে

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার বিকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদ বর্জন করে আসা প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার বিকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদ বর্জন করে আসা প্রধান বিরোধী দল বিএনপি। বাজেট নিয়ে কথা বলতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এতে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, সাবেক পরিকল্পনামন্ত্রী আবদুল মঈন খান, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৯ জুন অর্থমন্ত্রী সংসদে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট নিয়ে সংসদে এখন আলোচনা চললেও সংসদ অধিবেশনে যোগ না দেওয়ায় তাতে বিএনপির অংশগ্রহণ নেই। আগামী বৃহস্পতিবার সংসদে বাজেট পাস হবে। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের আগের দিন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক অনুষ্ঠানে এ বিষয়ে দলের ভাবনা সাংবাদিক, অর্থনীতিবিদ ও কূটনীতিকদের কাছে তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪০ ঘ.