ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে পূর্ণ সমর্থন জানিয়ে জাকের পার্টি বলেছে, অবিলম্বে এ পদ্ধতি চালু করা হোক।
বৃহস্পতিবার বিকালে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে এ দাবি জানান।
তিনি বলেন, "আমরা ইভিএমে পুরো সমর্থন জানাচ্ছি। ইভিএম একটি প্রশংসনীয় উদ্যোগ। অবিলম্বে এ পদ্ধতি নির্বাচনে চালু করতে হবে।"
ঢাকা মহানগরীর সংসদীয় আসন সীমাবদ্ধ করে দেওয়া, নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি, দলগুলোর সরকারি অনুদানের বিষয়ে প্রস্তাবিত আইনে সমর্থনও জানিয়েছে দলের প্রতিনিধিরা।
মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, আবু আজহার, আবু বকর সিদ্দিক, এ এন এম মানিক, এজাজুর রসুল ও শামীম হায়দার সংলাপে অংশ নেন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াতসহ বিএমটিএফ প্রতিনিধিরা সংলাপে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/১৮০৩ ঘ.
bdnews24