ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে সরকার সোচ্চার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব যাচাই করে দেখা হবে।
বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, "সরকারি অফিস আদালতে দুর্নীতি বন্ধের লক্ষ্যে ইতোমধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ করা হয়েছে।"
সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করতে সরকার প্রশাসনিক ও আইনগত সহায়তা দিচ্ছে। তবে স্বতন্ত্র দুর্নীতি দমন মন্ত্রণালয় খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, দুদক ২০০৯ সালে ২৩৪টি মামলা দায়ের ও ৪৭৫টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। ২০১০ সালে ২৭৩টি মামলা দায়েরের পাশাপাশি ৫৩৬টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। এর মধ্যে ২৮টি মামলার নিস্পত্তি হয়েছে।
মুদ্রা পাচার প্রতিরোধ কার্যক্রম ফলপ্রসূ ও কার্যকর করতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (২০০৯) ও সন্ত্রাস বিরোধী আইন (২০০৯) সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
তিনি বলেন, মুদ্রা পাচার সংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য ১০টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24