ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করার পর সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমসহ তিন বিএনপি নেতাকে রাতে মুক্তি দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে বিএনপি কার্যালয় ঘিরে থাকা পুলিশ সদস্যরা নাজিম উদ্দিন, চাঁদপুরের সংসদ সদস্য হারুনূর রশীদ ও সিলেটের নেতা আবেদ রাজাকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়।
রাজধানীর ক্যান্টমেন্ট থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পল্টন থানার একজন উপ পরিদর্শক (এসআই) এসে রাত ৯টার দিকে তাদের রিলিজ দিয়ে গেছেন।"
আগের হরতালের মতোই বিএনপির কেন্দ্রীয় নেতারা সোমবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে ছিলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম ও অন্য দুজন ছিলেন কার্যালয়ের সামনে চেয়ারে বসা।
বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের আটক করে নিয়ে যায়।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার এই হরতাল সন্ধ্যা ৬টায় শেষ হয়।
হরতালের প্রথম দিনে মহাখালীতে গ্রেপ্তার করা হয় সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে।
বিএনপি দাবি করেছে, হরতাল ডাকার পর রোববার বিকাল পর্যন্ত সারাদেশে ৭ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০১৭ ঘ.
bdnews24