ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাত্তরের সংবিধান পুনর্বহাল এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রগতিশীল ৭টি ছাত্র সংগঠনের আয়োজনে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবীও জানানো হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই নীতিতে আমরা বিশ্বাসী। সংবিধানে রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহ বহাল রাখা মানে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া যা ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আদিবাসী জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবেই স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচারের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।
আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং বলেন, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনকে আমি ২০০৮ সালে প্রশ্ন করেছিলাম, কেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি? তিনি বলেছিলেন আমরা ভুল করেছি। যদি ভবিষ্যতে সংবিধান সংশোধনের সুযোগ থাকে তবে আমরা এই কলঙ্ক মোচন করবো।
কিন্তু এখন সংবিধানে আদিবাসীদেরকে উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি নামে স্বীকৃতি দেয়ার চেষ্টা চলছে। আমরা এটা মানিনা।
বাংলাদেশে সর্বমোট ৭৪টি আদিবাসী জনগোষ্ঠী থাকলেও সরকার মাত্র ২৭টি আদিবাসী জনগোষ্ঠীর নাম অন্তর্ভূক্ত করেছে বলে জানান বাংলাদেশ আদিবাসী ছাত্র-সংগ্রাম পরিষদের সভাপতি বাতায়ন চাকমা। নাম বাদ পড়া এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ উচ্চশিক্ষা ও সরকারি চাকুরীর ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া বক্তারা সংবিধান লঙ্ঘনকারী সকল সামরিক শাসকের বিচার এবং পার্বত্য এলাকায় ভূমি বিরোধ নিরসনে একটি নিরপেক্ষ ভূমি কমিশন গঠনের দাবি জানান।
এই মানববন্ধন কর্মসূচির আয়োজক ৭ ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কেন্দ্র, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ এবং আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/১৬১০ ঘ.
bdnews24